Poem

শীতপ্রধানা ১ - ধর্ষণ

Bengali 16/11/2025 Poetry

একটি প্রতীকী, তীক্ষ্ণ, এবং অস্বস্তিকর কবিতা, যেখানে শীত, সহিংসতা, এবং পৃথিবীর সাক্ষ্য একসঙ্গে মিলিত হয়েছে।

পথের ধারে পথকুকুর হঠাৎ উঠে দাঁড়ালো

ঠেকানো জিভ, আর লালা ভরা চোখে

আবছা হল দূরের আশা

কিছু কম্বল ও প্লাস্টিক চেবানো নাকে

ভেষে উঠল কবেকার রঙীন পৃথিবী

সে জানে আজ তাকে

একাই যেতে হবে

একাই দেখতে হবে, আরো কাছাকাছি থেকে

এগিয়ে এলো হিম যুগ

একটা বোতাম টুপটাপ ঝরে পড়ল সামনে

তার চার ঘরে চার জোড়া চোখ

গোল বৃত্তে আবদ্ধ কিছু লোক

তাকিয়ে রয়েছে পথকুকুরের দিকে

অবাক হয় পৃথিবী

কেঁপে ওঠে পাশের সিনেমা হল

এই তো খাদ্য বলে বলিয়ান

গিলতে পারলে অজস্র দিনের রক্তপাত

ঘুচে যাবে অচিরেই

ভরে উঠবে নাভি পদ্ম

মা হবে সে পৃথিবীর বুকে

বন্ধ হয়ে এল ঘরের দরজা

হাওয়ায় সরে গেল বৃত্তাকার হিম শৈল

বুজে এলো তার মুখমন্ডল

সবার নম্রতায় আবার শুয়ে পড়ল পৃথিবী

উঠে দাঁড়াতে হবে তাকে পরদিন

আবার যখন খরা নামবে

তোমার হিম যুগের পথে